মা কখনো আমার ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেননি। এমনকি নিজের গড়ে তোলা ব্যবসার হাল ধরতেও বলেননি। যখন আমি বলেছিলাম আমি অভিনয় করতে চাই, মা আমাকে নিষেধ করেননি। আমি হিন্দিতে বরাবরই খারাপ ছিলাম। একবার দশে শূন্যও পেলাম। তখন মা বললেন, ‘যদি দশে দশ পাও তাহলে ছবি দেখতে নিয়ে যাব।’ তখন থেকে হিন্দিতে সব সময়ই দারুণ করেছি। মা আমাকে প্রথম যে ছবিটি দেখতে নিয়ে গিয়েছিলেন তা ছিল দেব আনন্দের জোশিলা। মায়ের মৃত্যু আমাকে শিখিয়েছে, কোনো কিছুই চিরস্থায়ী নয়। অঝোরধারায় কেঁদেছিলাম তাঁর মৃত্যুর পর, সব আশা-আকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছিলাম। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখের সময়, যখন মা আমার কোলে মারা গেলেন। প্রায় সুস্থই হয়ে উঠেছিলেন তিনি, কিন্তু কী হলো, হঠাৎ করে চলে গেলেন।
মা ছিলেন আমার সত্যিকারের বন্ধু। যখন বললাম আমি গৌরীকে বিয়ে করতে চাই। তাঁরা জিজ্ঞেসও করেননি, গৌরী মুসলিম না চায়নিজ। আমার অভিনয়ের হাতেখড়িও মায়ের কাছে, তাঁকে দেখে আমি কিছু ভারি সুন্দর অভিব্যক্তি শিখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমার বর্তমান জীবনদর্শন মায়ের কাছ থেকে পাওয়া। তিনি আমাকে শিখিয়েছেন কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই আজকের দিনে পরিপূর্ণভাবে বেঁচে থাকা উচিত, বর্তমান মুহূর্তকে উপভোগ করা উচিত, কারণ পরের প্রতিটি মুহূর্তই সমান অনিশ্চয়তায় ভরা। যা এখন আছে, পরের মুহূর্তেই তা হারিয়ে যেতে পারে। তাই আমি কোনো কিছু নিয়েই তেমন দুশ্চিন্তা করি না, বা কোনো কিছুকে তেমন পাত্তা দিই না।
আমি বিশ্বাস করি, মা যেখানেই থাকুন, তিনি আমাকে সারাক্ষণ দেখে রাখছেন। মা আমার খেয়াল না রাখলে আমার এত অর্জনের কিছুই সম্ভব হতো না। আমি কোনো কিছু নিয়ে খুব খুশি হলে কেঁদে ফেলি, ইচ্ছা হয় মাকে যদি এখন জানাতে পারতাম।
আমার একটাই আফসোস, অভিনেতা হিসেবে আমার সাফল্য মা দেখে যেতে পারেননি। আমি যখন অভিনয়ের জন্য প্রথম পুরস্কার পাই, তত দিনে তিনি আমাকে ছেড়ে চলে গেছেন (১৯৯০)। মাকে খুব মিস করি, মা-ই আমার জীবনের তারকা। আমি জানি, মা আমাকে কখনো চোখের আড়াল করবেন না। আমি যা কিছু পেয়েছি, যা কিছু করেছি, এ সবই তাঁর আশীর্বাদ ছাড়া আর কিছু নয়।
সূত্র: শাহরুখ খানের বায়োগ্রাফি
http://www.imshahrukhkhan.com






0 comments:
Post a Comment