এই পৃথিবীটাই টিকে আছে ভালোবাসার সম্পর্কগুলোর কারণে। ভালোবাসার মানুষগুলোর কারণে পৃথিবীতে নতুনভাবে বাঁচতে ইচ্ছা করে। কিন্তু হঠাৎ করে আপনার চোখে যখন ধরা পড়ে যে আপনার ভালোবাসার সম্পর্কটি মিথ্যা ধ্রুমজাল ছাড়া আর কিছুই না, তখন স্বাভাবিকভাবেই আপনার পায়ের নিচে কোনো মাটি থাকবে না। তাই অনেক বেশি মায়া তৈরি হওয়ার আগেই চিনে ফেলুন আপনার সম্পর্কটিকে। কিন্তু কীভাবে বুঝবেন সম্পর্কটি মিথ্যা ?
১. আপনাকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলে :
আপনার প্রিয় মানুষটি যদি তার পরিবারে সামনে বা ফ্রেন্ড সার্কেলের সামনে আপনাকে শুধুমাত্র তার বান্ধবী বলে পরিচয় করিয়ে দেয় তাহলে ভাববেন আপনাদের সম্পর্কে কিছুটা ঝামেলা আছে। কেননা আপনার মানুষটি যদি আপনার সত্যিকার অর্থে অনেক বেশি ভালোবাসত তাহলে সবার সামনে আপনাকে পরিচয় করিয়ে দিতে কখনই লজ্জা পাবে না। এ কারণে আপনার মানুষটির উপরে একটু নজর রাখুন আর সম্পর্কটির বিষয়ে একটু সচেতন হন।
২. আপনাদের মাঝে প্রায়ই ঝগড়া হলে :
ভালোবাসার মধুর সম্পর্কটির মধ্যে একটু আধটু ঝগড়া লাগবে এটা স্বাভাবিক। কেননা তা না হলে সম্পর্কে ঠিক মিষ্টতাটা আসে না। তবে ঝগড়ার বিষয়টি যদি প্রায়ই ঘটে থাকে এবং এটার রেশ যদি দীর্ঘদিন ধরেই থেকে যায় তাহলে আপনার অবশ্যই বিষয়টি নিয়ে ভাবা উচিৎ। কেননা মনের সাথে ঠিক মিলছে না বলেই ঝগড়াটি প্রায়ই হচ্ছে এবং তা শেষে কোনো ধরনের খারাপ লাগা থাকে না। এতে করেও ধরে নিতে পারেন আপনি একটি সাজানো সম্পর্কে জড়িয়ে আছেন।
৩. ভুল স্বীকার না করা :
ঝগড়ার পরে ভালোবাসার টানে দুজন দুজনার ভুল স্বীকার করবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনার সম্পর্কটিতে যদি লক্ষ্য করেন যে আপনি আপনার দিক থেকে ভুল স্বীকার করছেন কিন্তু তার দিক থেকে কোনো ইতিবাচক সাড়া নেই বরঞ্চ আপনাকে আরও বেশি দোষারোপ করেই যাচ্ছেন তাহলেও ভাববেন যে সম্পর্কটি হতে পারে একটি মিথ্যা সম্পর্ক। তা থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ।
৪. আপনাকে মূল্যায়ন না করলে :
ভালোবাসার সম্পর্কটি কখনই এককভাবে তৈরি হয় না। এতে দুজনেরই অংশগ্রহণ প্রয়োজন হয়ে থাকে। আপনি আপনার মানুষটিকে অনেক বেশি ভালোবাসছেন, আপনার জীবনে তার গুরুত্ব অনেক বেশি ভাবছেন কিন্তু বিনিময়ে যদি আপনি কিছুই না পান, আপনাকে যদি যথার্থ মূল্যায়ন না করেন তাহলে ভাববেন আপনার সম্পর্কটি মিথ্যা। এ সম্পর্ক টিকিয়ে রাখার অর্থ অনর্থক সময় নষ্ট করা।
৫. আপনি যদি সবসময়ই কষ্টের মাঝে থাকেন :
একটি ভালোবাসার সম্পর্ক একজনের জীবনে অফুরন্ত সুখ এনে দিতে পারে, হাসি এনে দিতে পারে, শান্তি এনে দিতে পারে। ভালোবেসেও তখন শান্তি পাওয়া যায়। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে ভালোবাসা শুধু আপনি একাই দিয়ে যাচ্ছেন বিনিময়ে সুখ শান্তি কিছুই পাচ্ছেন না তাহলেও ভাববেন যে আপনার সম্পর্কটি মিথ্যার জালে জড়ানো। এটি প্রহসন মাত্র। এটি থেকে জীবনকে নিস্তার দেয়াই বুদ্ধিমানের কাজ।






















