আঙুল নড়াচড়ায় হঠাৎ বিপত্তি, বাঁকা করতে গিয়ে আটকে গেল, খুলতে বেশ সমস্যা হচ্ছে। এ সমস্যা মাঝেমধ্যে কারও কারও হয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলে স্টেনোসিং টেনোসাইনোভাইটিস। সাধারণভাবে ট্রিগার ফিঙ্গার।
এমন সমস্যা বয়স্ক ও নারীদের বেশি হয়, বেশি হয় আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের রোগীদের। আঙুলের চারপাশের অংশে প্রদাহই এমন সমস্যার মূল কারণ। এতে সকালবেলা আঙুলগুলো জমাট বেঁধে থাকে, সহজে কোনো কাজ করা যায় না। একবার বাঁকা করলে সহজে আর সোজা করা যায় না। মাঝেমধ্যে হাতের তালুতে আঙুলের শুরুতে ব্যথা অনুভূত হয়। সাধারণত বুড়ো আঙুল বা মাঝের আঙুলটি বেশি আক্রান্ত হয়।
ট্রিগার ফিঙ্গারে আক্রান্ত হলে চিকিৎসক আপনাকে দু-একটি ব্যথানাশক ওষুধের পাশাপাশি গরম ও ঠান্ডা সেঁক নিতে পরামর্শ দেবেন। কিছুদিনের জন্য আঙুলের বেশি কাজ, যেমন কোনো যন্ত্র চালনা বা লেখালেখি বন্ধ রাখুন। অনেক সময় চিকিৎসকেরা ছয় সপ্তাহের জন্য রাতের বেলা আঙুলকে বিশেষ ব্যবস্থায় সোজা করে রাখেন। কিছু ফিজিওথেরাপি বা ব্যায়াম শিখিয়ে দেওয়া হয়। এর পরও সমস্যা থেকে গেলে সন্ধিতে স্টেরয়েড ইনজেকশন বা অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। ট্রিগার ফিঙার অত গুরুতর কোনো রোগ না হলেও বিরক্তিকর সমস্যা ও কাজকর্মে বাধা সৃষ্টি করে। তাই শুরুতেই এর চিকিৎসা নেওয়া উচিত।







0 comments:
Post a Comment